• Call: +8801723453060
  • Email: shadinbhola2008@gmail.com
নির্বাহী পরিচালক
নির্বাহী পরিচালক

তারিখ: ৩০.০৬.২০২৬

ভোলার গ্রামীণ এলাকার পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের কথা বিবেচনা করে গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “স্বাধীন যুব উন্নয়ন সংস্থা” ২০০৯ সালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে তার কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং টেকসই উন্নয়নের সুযোগ সৃষ্টিতে কাজ করে আসছে। সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম দীর্ঘদিন ধরে অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন এবং বাংলাদেশের যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

সংস্থাটি যুব শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস, ক্ষুদ্রঋণ, তরুণীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা প্রশিক্ষণ, সামাজিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলায়ও সংস্থাটি কাজ করে যাচ্ছে। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের অংশ হিসেবে সংস্থাটি সেলাই প্রশিক্ষণ, বুটিক প্রশিক্ষণ, হস্তশিল্পসহ বিভিন্ন আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করছে। এর মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে।

“আমরা যুবকদের নিয়ে গড়ব দেশ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ”-এই প্রত্যয়কে সামনে রেখে সংস্থাটি বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ভোলা সদর উপজেলা যুব উন্নয়ন কার্যালয় থেকে নিবন্ধন সনদ অর্জন করেছে। বেকারত্ব হ্রাসে অবদান রাখার লক্ষ্যে দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে যুবকদের গ্রাফিক ডিজাইন, মাছ চাষ, দেশি-বিদেশি মুরগি পালনসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে যুবসমাজের বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হচ্ছে।

উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাধীন যুব উন্নয়ন সংস্থা প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দ্বীপ জেলা ভোলার সাধারণ মানুষের কথা বিবেচনা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। সংস্থার নিজস্ব অর্থায়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হচ্ছে। এসব স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সংস্থাটি একটি সামাজিকভাবে দায়িত্বশীল ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে।

মানুষের কর্মসংস্থান ও আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির লক্ষ্যে সংস্থাটি নিজস্ব অর্থায়নে স্বল্পসুদে ঋণ কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে বৃহৎ পরিসরে আর্থিক অনুদান ও উন্নয়ন সহায়তা পাওয়া গেলে আরও বেশি সংখ্যক পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে উন্নয়ন কার্যক্রম পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্থার নির্বাহী পরিচালক।

যুবসমাজের ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, বেকারত্ব হ্রাস, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে অবদান রাখাই “স্বাধীন যুব উন্নয়ন সংস্থা”-এর অন্যতম প্রধান লক্ষ্য।



(মোঃ রাকিবুল ইসলাম)
নির্বাহী পরিচালক
স্বাধীন যুব উন্নয়ন সংস্থা